ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তেল আবিবে একটি সরকারি কমপ্লেক্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা তাদের ঘোষিত ‘দশম দফা’ অভিযানের অংশ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, হামলায় খোররমশাহর-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ‘খাইবার’ নামেও পরিচিত। আইআরজিসির দাবি, এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রাখে।
ইরানের ভাষ্য অনুযায়ী, খোররমশাহর-৪ দেশটির দীর্ঘপাল্লার সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি ভারী ওয়ারহেড বহনে সক্ষম এবং বহু দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রের উচ্চ ধ্বংসক্ষমতা ও পাল্লা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও গভীর করতে পারে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
