বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাজনীতিবিদ গরিব হলে লাভ হবে না। কোন গরিব? চিন্তায় গরিব, হৃদয়ে গরিব। আমার নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন ‘রাজনীতিবিদের কলিজা থাকতে হবে সিনার বাইরে আড়াই ইঞ্চি’। এত ছোট হয়ে আমরা যদি রাজনীতি করি তাহলে কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এমপি নিজান বলেন, কালো-সাদা দ্বন্দ্ব, হিন্দু-মুসলমানের দ্বন্দ্ব- এগুলো যুগ যুগ ধরে রাজনীতিবিদরা স্বার্থের জন্য, সুযোগের জন্য তৈরি করেছেন এবং নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। যত নতুন দিন আসছে, সময় এগোচ্ছে, তত জটিলতা বাড়ছে। কারণ আমাদের নৈতিক অবক্ষয় হয়েছে। যিনি যত বড় ধার্মিক, তিনি তত বড় সৎ। কারণ কোনো ধর্মেই অসত্যের কথা নেই।
তিনি বলেন, আমরা ভোটের দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করব, ভোটের পরদিন থেকে আমরা একজন আরেকজনকে বন্ধু হিসেবে নিতে পারি। বিরোধী দলই সরকার দলকে ঠিক রাখতে পারে। আপনারা যদি পজিটিভ পলিটিক্স করেন, তখন দেখবেন সরকার দল পজিটিভ পলিটিক্স করতে বাধ্য হবে।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।
