নিষেধাজ্ঞা বহাল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের আওতায় ৯ জেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডদের জন্য গাড়ি কেনায় ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আর্থিক সংকটের কারণে গত চার বছর ধরে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনা বন্ধ ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিধিনিষেধের ফাঁকফোকর কাজে লাগিয়ে আমলাদের পক্ষ থেকে গাড়ি কেনার উদ্যোগ দেখা গেলেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তখন কোনো অনুমোদন মেলেনি। তবে নির্বাচনের মাত্র এক মাস আগে সরকারি দপ্তরে গাড়ি কেনার মূল্যসীমা বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদন পায়।
এদিকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ভোটের মাঠ চষে বেড়াতে কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনার কথা জানায় ভূমি মন্ত্রণালয়। অবশেষে ভোটের কয়েকদিন আগে নিষেধাজ্ঞার মধ্যেই নতুন গাড়ি কেনার অনুমোদন দিলো অর্থ মন্ত্রণালয়।
আপাতত ৯ জেলার সহকারী কমিশনারদের (এসিল্যান্ড) দেয়া হচ্ছে কেবিন পিকআপ। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৮৬ লাখ টাকা। যেখানে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে গুণতে হবে বাড়তি ১১ কোটি ১৮ লাখ টাকা।
