মাটির নিচে নির্মিত নিজেদের নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে এই ঘাঁটিটির উদ্বোধন করা হয়। এ সময় তারা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামরিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং অন্যান্য সামরিক কমান্ডারদের বিস্তারিত অবহিত করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, “আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। এখন আমরা শুধু প্রতিরক্ষায় নয়, প্রয়োজনে আক্রমণাত্মক অবস্থান নিতেও প্রস্তুত। দ্রুত ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা অর্জন করেছি এবং অসম যুদ্ধের কৌশলে পারদর্শী হয়েছি।”
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন বাড়িয়েছে। একইসঙ্গে দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকদের শঙ্কা—আলোচনা ব্যর্থ হলে মার্কিন হামলার ঝুঁকি তৈরি হতে পারে।
এর প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তবে তা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে।”
সূত্র: ফার্স নিউজ
