বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, কিছু প্রার্থী শুধু তার নামই মুখে রাখছেন—অন্য কোনো নাম নেই। তারা ভোট চাইছেন না, বরং তার বিরুদ্ধে কথা বলছেন এবং উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা নির্বাচনের জন্য অনুচিত।
রোববার রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, কিছু তরুণ তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে ও মিথ্যা কথা বলছে। তিনি এসব বিষয়ে প্রতিক্রিয়া না জানিয়ে উপেক্ষা করছেন, কারণ সবকিছুর জবাব দেওয়া উচিতও নয়, সম্ভবও নয়।
তিনি বলেন, যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে উসকানিমূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর এলাকা, ভালো এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সবদিক থেকে ধ্বংস করে দিয়েছে। আমি যাদের সঙ্গে নির্বাচন করেছি, তারা স্বনামধন্য নেতৃবৃন্দ ছিলেন।
আর এখন যাদের সঙ্গে নির্বাচন করেছি, তারা যার-যার জায়গায় ভালো। কিন্তু কথাবার্তা বেশুমার বলছে। ওরা চাচ্ছে, ওদের কাছ থেকে আমরা শিখি, কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না।
সাবেক এই মন্ত্রী বলেন, ইসির দায়িত্ব হচ্ছে এসব (উসকানিমূলক) বিষয়গুলোর দিকে নজর দেওয়া।নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছেন। তা না হলে এত অপবাদ ও মিথ্যাচার করার পরও কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? অভিযোগও জানানো হয়েছে, কোনো কর্ণপাত নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এলাকায় ২ লক্ষ ৮০ হাজার ভোটারের মধ্যে অর্ধেক ভোটারই নেই; কিংবা অর্ধেক ভোটার পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? যদি এসব ভোটার না পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশনকে বলবো এসব ভোটার বাতিল করার জন্য। তা না হলে সত্যিকারের রেজাল্ট আসবে না।
