আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও–১ আসনের মোলানি বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এবার নির্বাচনে নৌকা প্রতীক নেই। নৌকা পালিয়েছে, শেখ হাসিনা ভারতে চলে গেছেন। এতে মাঝখানে থাকা অনেক সমর্থক বিপদের মুখে পড়েছেন। সেই অবস্থায় বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে।
মির্জা ফখরুল বলেন, এখন দেশের মানুষ আরামে থাকলেও পুরোপুরি আরামে নেই। কারণ, দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন ভালো হয়েছে— এটা আমার কাছে মনে হয়েছে। সবমিলিয়ে এখন একটা সময় এসেছে যে রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারছি।
তিনি বলেন, আল্লাহ্র হুকুমে যদি নির্বাচনটা ঠিক মতো হয় এবং আমরা ঠিকমত ভোট দিতে পারি, ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করতে পারি, তাহলে আমরা ভালো থাকব বলে আশা করছি।
নিজের বার্ধক্য ও এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই শেষ ভোটে আপনারা আমাকে দয়া করে সমর্থন দেবেন।
তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কি চান। দেশে যদি শান্তি চান, উন্নয়ন চান, স্কুল-কলেজের উন্নয়ন চান, রাস্তা-ঘাট চান, ছেলেমেয়েদের চাকরি চান, তাহলে পরীক্ষিত যে দলটা আছে, মানুষটা আছে, তাকেই ভোট দিতে হবে।
