আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে আওয়ামী লীগের কোনো দোসর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখানে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে নির্বাচনী কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো। এবার সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। নিরাপত্তা জোরদারে ড্রোন ও ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে। তবে ড্রোন সব কেন্দ্রে থাকবে না।’র
