২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের কানপুরে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। একই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরতে পারেননি এবং এরপর থেকে জাতীয় দলের হয়ে খেলার ডাকও পাননি। তবে সম্প্রতি আবারও এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানায়, ফিটনেস ঠিক থাকলে নির্বাচক প্যানেল সাকিবকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে পারে। এদিকে জাতীয় দলে না থাকলেও ক্রিকেট থেকে দূরে নেই তিনি। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে ‘বাংলাদেশ’ নামের একটি দলের হয়ে খেলতে দেখা গেছে সাকিবকে।
ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে আয়োজক সৌদি আরব ক্রিকেট ফেডারেশন। ২০ জানুয়ারি শুরু হয়ে ১০ দলের টুর্নামেন্টটি শেষ হয় ২৩ তারিখে। এই টুর্নামেন্টেই খেলেছেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
কিব ছাড়াও এই টুর্নামেন্টে খেলেছেন একসময় জাতীয় দল কাঁপানো সব ক্রিকেটার। যদিও বর্তমানে তারা জাতীয় দলে ফেরার মতো অবস্থায় নেই। তাদের মধ্যে আছেন- পাকিস্তানের শোয়েব মালিক, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও জীবন মেন্ডিস, ভারতের স্টুয়ার্ট বিনি ও ইরফান পাঠান ও অস্ট্রেলিয়ার বেন কাটিং।
ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যাল কোনো স্বীকৃত ক্রিকেট টুর্নামেন্ট নয়। স্বীকৃত ক্রিকেটে সাকিব সবশেষ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টুয়েন্টিতে খেলেছেন। সেখানে এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচে বল হাতে ৩ উইকেট আর ব্যাট হাতে ১১৫ রান করেন এই বাঁহাতি।
