বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, একটি বিশেষ শক্তি নির্বাচন প্রকৌশলের (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) মাধ্যমে কিছু করার অপচেষ্টা চালাচ্ছে, তবে জনগণ তা প্রতিহত করবে—ইনশাআল্লাহ।
রোববার রাজধানীর শাহজাহানপুরে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
‘ঢাকায় কোনো আসন দেব না’—জামায়াতের এক প্রার্থীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ঢাকার কোনো আসন তারা আমাদের দেবেন না—এমন বক্তব্য জনগণই মূল্যায়ন করবে। আমার প্রশ্ন আসন দেওয়ার তারা কে? আসন দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ। জনগণের ওপরে কথা বলা স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক আচরণ। তারা এসব বলার শক্তি পায় কোথায়? জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস। কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয়। আল্লাহ ও জনগণই একমাত্র সিদ্ধান্তকারী।
সাবেক এই মন্ত্রী বলেন, আমার এলাকার জনগণ যেভাবে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, সেভাবে তারা আমার ও আমার দলের কার্যক্রম বিবেচনা করে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চাঁদাবাজি’ নিয়ে দেখানো ডকুমেন্টারি বিষয়ে মির্জা আব্বাস বলেন, একজন মানুষকে ঘায়েল করতে যেসব অস্ত্র দরকার তারা সব ব্যবহার করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মিথ্যা ডকুমেন্টারি বানানো হচ্ছে, বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলা হয়েছে।
এসবের কোনো সত্যতা নেই। এই শ্রেণীর লোকেরা জাতির সামনে মিথ্যা বলে। আমরা তাদের ১৯৭১ ও ৮৬ সালে দেখেছি। তারা জাতির জন্য কখনো উপকারী নয়। ৭১ সালে খালি পায়ে লুঙ্গি পরে জনগণ পাকবাহিনীকে পরাজিত করেছে।
আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, এরশাদকে প্রতিহত করেছি, এবারও সব ষড়যন্ত্র প্রতিহত হবে ইনশাআল্লাহ।
নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, ১৭ বছরে আমার এলাকাকে শেষ করে দেওয়া হয়েছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস; এই এলাকা ধ্বংস করেছে। এই তিনটি থেকে এলাকাকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।
