আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দীতা করছেন আবুল খায়ের ভুঁইয়া। নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এক পথসভায় দলের সাবেক নেতা বাহার উদ্দিন বক্তব্য দিতে গিয়ে বলেন, “আওয়ামী লীগের অনেক ভালো লোক আছে না, যারা চাঁদাবাজ না, সন্ত্রাস না, তাগো কাছে আপনারা ভোটেরল্লাই যাইবেন। যে ভাই, আমগোরে ভোট দাও, তোমরা মামলাও খাইতা ন, হামলাও খাইতা ন, এক ভাই হিসাবে চাইলাম। ধানের শীষে ভোট মারো, তোমরা তো আর জমাতে যাইতা ন।”
গত শুক্রবার বিকেলে দেওয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি বাহার উদ্দিনের বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। এ ছাড়া আসনটিতে আরও পাঁচজন প্রার্থী রয়েছেন।
এ প্রসঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা বলেন, নির্বাচনী প্রচারণায় এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তাদের মতে, কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মামলা-হামলার ভয়ভীতি বা প্রলোভনের ভাষায় ভোট চাওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ বিষয়ে জানতে চাইলে বাহার উদ্দিন বলেন, “আমরা বক্তব্যের একটি অংশবিশেষ ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমি শান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতির কথাই বোঝাতে চেয়েছি।”
