একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তিনি এখন দ্বিতীয় দফায় কেমোথেরাপি নিচ্ছেন, যা আগামী মে মাস পর্যন্ত চলবে। এরপর তাকে জার্মানিতে নিয়ে গিয়ে বিশেষ একটি ভ্যাকসিন প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে।

চিকিৎসা প্রক্রিয়া শেষে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হলে তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

এদিকে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পীরাও তাঁর সুস্থতা কামনা করছেন। সহশিল্পী চিত্রনায়িকা চম্পা বলেন, তিনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বহু চলচ্চিত্রে কাজ করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেন—চিকিৎসা শেষে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারেন।

চিত্রনায়িকা শাবনাজ বলেন, ‘কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের গর্ব। পাশাপাশি নিরাপদ সড়ক চাই নিয়ে তিনি যুগের পর যুগ যে আন্দোলন করে গেছেন তা প্রজন্মের পর প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়েই থাকবে। আমি তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।’

চিত্রনায়িকা পপি বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি।

তিনি আমাকে খুব স্নেহ করতেন। নানা সময়ে তার কাছ থেকে নানা পরামর্শ নিয়েছি। নিঃসন্দেহে তিনি ভালো মনের একজন মানুষ। এমন একজন মানুষ আজ জীবন নিয়ে যুদ্ধ করছেন। তার এ যুদ্ধ যেন দ্রুত শেষ হয়ে যায় এ দোয়াই করছি।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন- এমনটাই চাওয়া। মিশা সওদাগর বলেন, ‘কাঞ্চন ভাই সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন এটাই আমাদের প্রত্যাশা। তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ এবং একজন গুণী অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রে তার অনেক অবদান রয়েছে।’

Share.
Leave A Reply

Exit mobile version