আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর দৃষ্টিভঙ্গি জানার উদ্দেশ্যে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস–এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন লেখেন, আসন্ন নির্বাচন নিয়ে তারেক রহমানের মতামত জানতেই তিনি এ সাক্ষাৎ করেন। তিনি আরও উল্লেখ করেন, শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার সকালেই বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version