বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, “আমরা দুর্নীতির লেজ নয়, কান ধরে টান দেবো। আমাদের লক্ষ্য আগামী প্রজন্মের হাতে একটি নিরাপদ ও সুশাসিত দেশ তুলে দেওয়া।” এ লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয়ই তাঁদের প্রত্যাশা।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি আরও জানান, ২০২৪ সালের অভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড নেই; বরং দেশের মুক্তিকামী জনগণই এর মূল শক্তি।

তিনি বলেন, ২৪ এর অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে। আমরা সেনাবাহিনীকে সবার প্রিয় হিসেবে দেখতে চাই। দেশের বাইরে এবং ভেতরে তাদের কর্মকাণ্ড যেন প্রশংসা কুড়ায় সেটিই জামায়াতের প্রত্যাশা।

ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি ভোটার নিজের নাগরিক অধিকার পূরণ করতে পারলেই কেবল আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হিসেবে প্রমাণিত হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলেও আমরা নির্বাচন কমিশন এবং সরকারের ওপর আস্থা রাখতে চাই।

তিনি বলেন, বিগত দিনের মতো আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। মেনে নেবো না। যদি জনগণ সচেতন থাকে, তবে কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং- এর সাহসও করবে না। আমরা জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি।

Share.
Leave A Reply

Exit mobile version