বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদ শূন্য হয়। এ অবস্থায় দলের গঠনতন্ত্র অনুসরণ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি সভা আহ্বান করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্য দিয়ে দলীয় বিধান অনুযায়ী তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
