সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচন স্থগিত হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

প্রেস নোটে ইসির বরাতে বলা হয়, পাবনা–১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, তা বিভ্রান্তিকর ও ভুল। সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার কিংবা প্রচার বন্ধ রাখার জন্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাত দিয়ে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রচার করা হয়। একাধিক গণমাধ্যমে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

তিনি বলেন, “তবে নির্বাচন স্থগিত হয়নি। শুধু ওই আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দুটি আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।”

Share.
Leave A Reply

Exit mobile version