দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিন রাতে তারেক রহমান চট্টগ্রামেই অবস্থান করতে পারেন বলে জানা গেছে।

এ তথ্যটি জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান আজ বৃহস্পতিবার বলেন, আগামী ১৮ জানুয়ারি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন।

কক্সবাজার এসে তিনি চকরিয়া যাবেন। সেখানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সড়কপথে চট্টগ্রাম আসবেন। ওই দিন বিকেলে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।রাতে চট্টগ্রাম থাকবেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের আগমনকে সামনে রেখে আমরা সবরকম প্রস্তুতি শুরু করেছি। উনি ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করতে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন। সে হিসেবে ২০ বছরের বেশি সময় পর তিনি চট্টগ্রামে আসছেন।

Share.
Leave A Reply

Exit mobile version