বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করার পর মন্তব্য করেছেন, জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনের সমন্বয় করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ জানুয়ারি) গুলশানে তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, আন্দোলন পরিচালনা করা হয়েছে তারেক রহমানের সরাসরি নির্দেশনা অনুসারে।
তিনি বলেন, তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।
রাশেদ খান আরও বলেন, সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন।
ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।
