বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য জানান।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এ ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘ সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের আওতায় নেওয়া হয়।
স্তেফান দুজারিক বলেন, বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতায় নেই। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, ওই বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
