মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে সোমবার ভোরে হামলার ঘটনা ঘটেছে। সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় পৌঁছায়। অভিযানের কিছু সময়ের মধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাইওতে ভ্যান্সের বাসভবনে ভাঙচুরের ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মার্কিন সিক্রেট সার্ভিসের মতে, ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওহাইওতে ছিলেন না।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানান, অজ্ঞাতপরিচয় প্রাপ্তবয়স্ক সেই পুরুষকে আটক করা হয়েছে ‘ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুর করার কারণে।ঘটনাটি ঘটে রাত দেড়টার কিছু পর।
মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, ‘চার্জ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার সময় ইউএস সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করছে।’
একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, কেউ ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের ধারণা, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ঢোকেননি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ঘটনার আগে ভ্যান্স পরিবার ইতিমধ্যে শহর ছেড়ে গিয়েছিলেন।
সূত্র : সিএনএন
