ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রচারণা কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এবার গণভোটের প্রচার জোরদার করতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের লিফলেট বিতরণ ও প্রচারে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে এই প্রচারণা চালাবেন শিক্ষকরা।
আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা ও উপজেলা-থানা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারির চিঠির নির্দেশনা অনুযায়ী গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিফলেট বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
