সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি মালয়েশিয়া ও বিএনপি কোতারায়া শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোতারায়া বাংলা মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং আপসহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশ ও জাতির জন্য তার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দরা প্রবাসেও তার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠিত থাকার আহ্বান জানান।

মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে নেতৃত্ব দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি মালয়েশিয়ার তিন সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, এস এম নিপু ও কাজী সালাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিএনপি কোতারায়া শাখার সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ শাজাহান হাং, মোহাম্মদ বাদল, শাহিন আলম, মোহাম্মদ আবাদ, আবদুল কাদের, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ জাকারিয়া, মিরাজ মাঝি, কেএ সবুজ, পলাশ তালুকদার, বাবু সরকারসহ অনেকে।

শান্তিপূর্ণ পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিল সমাপ্ত হয়। আয়োজকরা জানান, প্রয়াত নেত্রীর স্মরণে সপ্তাহব্যাপী দোয়া ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version