একটি ছবি ও তার ক্যাপশনই বর্ণবিদ্বেষের বিতর্কের আগুন ছড়িয়ে দিয়েছে। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধি সারাহ জাফসের একটি ভাইরাল ছবি নিয়ে আন্তর্জাতিক স্তরে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত তার কাছ থেকে ‘মিস ফিনল্যান্ড’ খেতাব প্রত্যাহার করা হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১১ ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ২২ বছর বয়সী সারাহ। ছবিতে দেখা যায়, তিনি চোখের কোণা টেনে ধরেছেন যা পূর্ব এশীয়দের ক্ষেত্রে বহুদিন ধরেই একটি অবমাননাকর ভঙ্গি হিসেবে বিবেচিত। বিতর্ক আরও তীব্র হয় ছবির ক্যাপশন ঘিরে, যেখানে লেখা ছিল “ইটিং উইথ চাইনিজ”।
এই পোস্ট মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে। অভিযোগ ওঠে, এটি এশীয়দের প্রতি স্পষ্ট বর্ণবিদ্বেষমূলক আচরণ। ঘটনার জেরে মিস ফিনল্যান্ড সংস্থা সারাহর মুকুট কেড়ে নেয়। সংস্থার বিবৃতিতে জানায়,মিস ফিনল্যান্ড একজন রোল মডেল। সকল জাতি, গোষ্ঠী ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো তার দায়িত্ব। এই সিদ্ধান্ত কঠিন হলেও প্রয়োজনীয়।
