ঢাকাই চিত্রনায়িকা মৌ খান হঠাৎ শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিনয় জীবন শেষ করার ঘোষণা দিয়েছেন। ‘প্রতিশোধের আগুন’, ‘বান্ধব’ ও ‘অমানুষ হলো মানুষ’ ছবির এই নায়িকা জানান, দ্বিনের আলোয় বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
মৌ লিখেছেন, “আমার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে জানাতে চাই, আমি আর আমার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চাই না।”
তিনি আরও উল্লেখ করেছেন, “শোবিজ ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই আমার নিজস্ব এবং ভেবে-চিন্তে নেওয়া।
জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বিনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’
এই মুহূর্তে অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে বলেও জানান মৌ। সেই অসমাপ্ত কাজগুলো প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন।
আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব। এরপর সবশেষে সবার উদ্দেশে দোয়া চেয়েছেন মৌ খান।
তার ভাষ্যে, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’
