সম্প্রতি ঈশ্বরদীতে এক নারী ৮টি কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন, যা পরে মারা যায়। এই ঘটনার খবর শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

অভিনয়ের পাশাপাশি তিনি পশুপ্রেমী হিসেবে বিশেষ পরিচিত। আহত প্রাণীকে দেখে চিকিৎসার দায়িত্ব নেওয়া থেকে শুরু করে নির্যাতনের ঘটনা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় প্রথমে আওয়াজ তোলা—সবকিছুতেই এগিয়ে আসেন নিলয়।

এবার ঈশ্বরদীতে ভয়াবহ প্রাণী নির্যাতনের সেই ঘটনার অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এ অভিনেতা।

আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিলয় লিখেছেন, ‘ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।

একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে।’

নিলয় আরো লেখেন, ‘এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

নিলয়ের এই পোস্টে মন্তব্য করেছেন ভক্ত থেকে তারকারা। পোস্টের মন্তব্যে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, সকালে নিউজটা দেখার পর থেকে এখনো স্বাভাবিক হতে পারছি না। অভিনেত্রী তানিয়া বৃষ্টিসহ একাধিক তারকা পোস্টে শেয়ার করে ‘খুনির সর্বোচ্চ শাস্তি’ দাবি করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version