প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের রহস্যময় মৃত্যুকে সাম্প্রতিক সময়ে হত্যা মামলায় রূপান্তরিত করা হওয়ার পর থেকে ভক্তরা তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করছেন।

আজ শনিবার (৮ নভেম্বর) কাশিমপুর ইউনিয়নের সালমান শাহ ভক্তরা সালমান হত্যা মামলার আসামি সামিরা হক-ডনদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন।

‘জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে সজ্জিত ব্যানার নিয়ে নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে সাজানো এই মানববন্ধনে অংশ নেন সারা দেশ থেকে আসা সালমান ভক্তরা। তারা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন।

সারাদেশের সালমান শাহ ভক্তরা এই মানববন্ধনে অংশ নেওয়ায় বিষয়টি সামাজিক প্রতিধ্বনি সৃষ্টি করেছে। অনেকেই সামাজিক মাধ্যমে মানববন্ধনের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছেন।

সালমান শাহর ভক্ত মাসুদ রানা নকীব সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই হত্যার ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।আমরা চাই সালমান শাহর হত্যার ন্যায়বিচার হোক।’

এসময় মানববন্ধনে উপস্থিত ভক্তরা বলেন, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার একজন সুপারস্টার ছিলেন না, বরং কয়েক প্রজন্মের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ এই হত্যা মামলার সব আসামির শাস্তি দেখতে চায় সারাদেশের মানুষ। কেউ যেন পালাতে না পারে, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।

ভক্তদের দাবি, হত্যার রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সারাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে এই আন্দোলন।

Share.
Leave A Reply

Exit mobile version