বিএনপি সব সময় সংস্কার বিশ্বাস করে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি কোনো অবস্থাতেই সংস্কারের প্রতিপক্ষ নয়।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পালিয়ে গেছে। জাতি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের জন্য সকল ভোটার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকারকে দূরে রেখে কেউ কেউ চেষ্টা করছে আগে সংস্কার হবে, আগে বিচার হবে পরে গণতন্ত্র হবে। বিএনপি মনে করে বিচার, সংস্কার, গণতন্ত্র একসাথে চলতে হবে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি সব সময় সংস্কার বিশ্বাস করে, যার কারণে ২০২২ সালে প্রথম ২৭ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচী ঘোষণা করে এবং ২০২৩ সালে জুলাই মাসে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে তারেক রহমান ৩১ দফা কর্মসূচী প্রণয়ন করেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, কোনো কোনো উপদেষ্টা বলছেন বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আমি সেই উপদেষ্টাকে বলতে চাই তোমার জন্মের আগে শহীদ জিয়াউর রহমান বাকশাল কবরের পর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছেন।
