ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক এমপি মুশফিকুর রহমান বলেছেন, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকা স্বাভাবিক। এটি প্রকৃত গণতন্ত্রেরই অংশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ গ্রামে মাও. আব্দুল খালেক (র.) মাজার শরীফ ও তার বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। পরে তিনি তন্তর ভাটামাথা এলাকায় নির্বাচনী পথসভাসহ তন্তর বাজারে বিএনপির ৩১দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কথা বলার সুযোগ পেয়েছে, কথা বলুক। তারা গণভোট করতে চাচ্ছে, জনগণ যদি গ্রহণ করে তাহলে তাই হবে। বিএনপি গণভোটের বিরুদ্ধে নয়। বিএনপিও গণভোট চায়। কিন্তু সেটা একই দিনে সংসদ নির্বাচনের দিন। গণভোট হলে আমরা জনগণের কাছে যাব। জনগণ যা চায় তাই হবে।’
নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের মধ্যে নির্বাচন নিয়ে যে সাড়া দেখছি, তাতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। তবে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হতে পারে, বানচাল করার চেষ্টা হতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। জনগণ যা চায় তাই হবে।’
বিগত হাসিনা সরকারের সময়ের রাজনৈতিক স্মৃতিচারণ করে মুশফিকুর রহমান বলেন, ‘ভোটের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। ভোটই আমাদের অধিকার।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন লন্ডনে নির্বাসিত করে। ১/১১তে বেগম জিয়াকে সৌদি আরব পাঠাতে বিমান প্রস্তুত ছিল। কিন্তু তিনি দেশ ছাড়েননি। কিন্তু তাকে যে দেশ ছাড়া করতে চেয়েছিল, সেই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। এটাই আল্লাহর বিচার।’
গণসংযোগ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর মিশন মনসুর মিশন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, শফিকুল আলম তুরান, ইয়ার হোসেন শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
