বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাদের মধ্যে আগেও বিরোধ ছিল।
তিনি জানান, বিএনপি বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। যারা নির্বাচনে বাধা সৃষ্টি করতে বা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা এই দুই গোষ্ঠীর দ্বন্দ্বকে কাজে লাগানোর চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি এ বিষয়ে কথা বলেন।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের যেন কোনো অপচেষ্টা সফল না হয়, সে বিষয়ে সরকারকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য সংস্কার প্রস্তাব প্রসঙ্গে বলেন, যারা সংস্কারের জন্য কথা বলছেন এবং উৎসাহী হয়ে উঠেছেন, তাদের জানা উচিত— বেগম জিয়া হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়ই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। এরপর তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ২৭ দফা দেন এবং পরে যুগপতের শরিকদের পরামর্শে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দেওয়া হয়।
তিনি উল্লেখ করেন, তারেক রহমান যখন ৩১ দফা দেন, তখন দেশের ভবিষ্যৎ কোথায় যাবে, সে বিষয়ে অনেকেরই ধারণা ছিল না। হাসিনা সরকারের পতনের দেড় বছর আগেই এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়া মানুষদের কিভাবে এগিয়ে নেওয়া যায়, তার প্রস্তাবনা দেওয়া হয়েছে তারেক রহমানের ৩১ দফায়।
