প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়া বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে অভিযোগ করেছেন পিনাকী ভট্টাচার্য নিজেই। এ ঘটনার ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও তিনি ফেসবুক পেজে আপলোড করেছেন।

এই ঘটনার ভিডিও আপলোড করে পিনাকী ভট্টাচার্য ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন। পোস্টে তিনি তার নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।

তিনি লেখেন, ‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে দুইটায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই।

বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহবান জানাচ্ছি।”

তিনি আরো উল্লেখ করেন, “দুর্বৃত্ত ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে।”

নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমাকে কোন হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কন্ঠস্বর থামবে না।ইনকিলাব জিন্দাবাদ।”

ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর বগুড়া সদর থানা পুলিশ পিনাকী ভট্টাচার্যের জলেশ্বরীতলার বাড়িতে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছে।

তিনি বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা যায়, দুইজন মুখোশধারী এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন ধরিয়ে দরজার সামনে ফেলে চলে যায়। ঘটনাস্থলে সেই পোড়া পলিথিনের টুকরোটি পাওয়া গেছে। এটি বড় কোনো ঘটনা নয়, যদিও অভিযোগকারী এর মাধ্যমে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।’

তিনি আরো জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

Share.
Leave A Reply

Exit mobile version