রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান জানতে চেয়েছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা চায় উপদেষ্টা পরিষদ।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, গণভোটে বিষয়বস্তু কী হবে, কবে অনুষ্ঠিত হবে, এবং জুলাই সনদের ভিন্নমত প্রসঙ্গে কী সিদ্ধান্ত নেওয়া হবে—এসব বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

ড. আসিফ নজরুল জানান, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুততম সময়ে সরকারের কাছে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।”

উপদেষ্টা পরিষদের বৈঠকে দেখা যায়, ঐকমত্য কমিশনের আলোচনায় এখনো কিছু সংস্কার প্রস্তাবে মতভেদ রয়ে গেছে। বিশেষ করে গণভোটের সময় নির্ধারণবিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট।

সরকারের মতে, বর্তমান পরিস্থিতিতে দেরি করার কোনো সুযোগ নেই। উপদেষ্টা পরিষদ বৈঠকে আরও জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকারের সংকল্প অটুট রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version