পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় এনে গণপ্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ভৌগোলিক বাস্তবতার প্রেক্ষাপটে সার্বভৌমত্ব রক্ষায় এমন পদক্ষেপকে তিনি অপরিহার্য বলে মনে করেন।
রোববার (২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি, যারা আমাদের গোলামির শিকল পরিয়ে রাখতে চাইবে, তারা আর সুযোগ পাবে না। সিস্টেমের ভেতরে থাকা কিছু এজেন্টদের মাধ্যমে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পে বাধা সৃষ্টি হয়েছে। ফলে প্রকল্প অনুমোদনে আট থেকে নয় মাস+ সময় লেগেছে। এখন যখন বাস্তবায়নের পথে, তখন তৎপর পত্রিকাগুলো ন্যারেটিভ নির্মাণ শুরু করেছে।’
তিনি বলেন, “আমাদের বিএনসিসি ক্যাডেটরা বার্ষিক ক্যাম্পে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করে। আমিও সেই প্রশিক্ষণ পেয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরও আধুনিক ও বৃহৎ পরিসরে আয়োজন করা প্রয়োজন।”
আসিফ মাহমুদ আশা প্রকাশ করে আরও বলেন, “কখনো যদি বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাই, ইনশাআল্লাহ দেশের সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। আমাদের ভৌগোলিক বাস্তবতায় সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।”
