আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে সরকার, এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
প্রেস সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন ওড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অন্য একটি প্রসঙ্গে প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, কনস্যুলেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো সেবা কার্যক্রম অনলাইনে পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতে হবে।
