স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট চালু করা হবে। তিনি বলেন, যাদের ই-পাসপোর্ট আছে, তারা পাসপোর্ট প্রদর্শন করে সরাসরি ই-গেট ব্যবহার করে প্রবেশ করতে পারবেন। এছাড়াও, প্রবাসী রেমিট্যান্স পাঠকদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আজকের সভায় সাম্প্রতিক কয়েকটি আগুনের দুর্ঘটনা ও রেমিট্যান্সযোদ্ধাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এখন থেকে রেমিট্যান্সযোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে এবং পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।
তিনি উল্লেখ করেন, আমরা শুধু সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি, কিন্তু তারা যে সম্মানটা পাওয়ার দরকার, সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।
কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ অনেকগুলো, সবার সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করা হবে। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকেন। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরের আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো। বিমানের ভাড়া কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই চেষ্টা করবো। যেহেতু এটা কমার্শিয়াল এবং প্রতিযোগিতারও বিষয় রয়েছে। বিমান লাভজনক পর্যায় থেকে যতটুকু সুবিধা দেয় যায় ততটুকুই তারা দেবে।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদান শুরু হবে। ইতোমধ্যে ই-গেট স্থাপন সম্পন্ন হয়েছে এবং সম্ভবত দুই-চার দিনের মধ্যেই তা চালু করা যাবে।
