বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তান জন্মদানের সময় ঘনিয়ে আসায় তাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিণীতি ও তার স্বামী রাঘব চাডার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যে কোনো মুহূর্তে সুখবর আসতে পারে। তবে এ বিষয়ে এখনো পরিণীতি কিংবা রাঘব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
এর আগে, চলতি বছরের আগস্ট মাসে নিজেদের জীবনের এই আনন্দঘন খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন পরিণীতি ও রাঘব। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করে ক্যাপশনে পরিণীতি লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর থেকে পরিণীতিকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
