বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে দেশের বাজারেও, ফলে দফায় দফায় বাড়ছে সোনার দাম। এবার নতুন করে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে ১,০৫০ টাকা। এতে করে আগামীকাল সোমবার থেকে ২২ ক্যারেট সোনা প্রতি ভরি বিক্রি হবে ২,১৭,৩৮২ টাকায়। সারা দেশে এ নতুন দাম একইসঙ্গে কার্যকর হবে।

রবিবার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়।
যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।

Share.
Leave A Reply

Exit mobile version