আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি নির্মাণের কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি সেই সীমান্ত এলাকা ঘুরে দেখেন, যেখান দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন।
এ সময় তিনি বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতামও না যে, আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রসফায়ারের উদ্দেশে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ভারতের শিলং নিয়ে যখন আমার চোখ খুলে দেয়া হয় তখন বুঝতে পারি, আমাকে হয়তো এখন ছেড়ে দেবে। ছেড়ে দেয়ার পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই। কিন্তু পরে আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম, বাকী জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে সালাহউদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পরিবার থেকে অভিযোগ করা হয়, তৎকালীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। ওই বছরের ১১ মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
