বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এখন সবাই শুধু এমপি (সংসদ সদস্য) হতে চায়। চেয়ারম্যান বা মেম্বার হওয়ার আগ্রহ প্রায় নেই বললেই চলে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি বলেন,
“আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিন, কেউ আর এমপি হতে চাইবে না। এখন রাস্তায় শুধু দেখি—সবাই এমপি হতে চায়। পাঁচ-ছয়টা পোস্টার, একই মুখ, একই দাবিঃ আমি এমপি হতে চাই।”
তিনি আরও বলেন,
“কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায় না, ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, এমনকি মেম্বার হতেও চায় না। সবাই কেবল এমপি হওয়ার স্বপ্ন দেখে। এমপিদের ক্ষমতা কতটা থাকবে, সেটাও আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত।”
সংসদ সদস্যদের ক্ষমতার সীমা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন,
“গত ১৭ বছর ধরে যারা বিনা ভোটে সংসদে গেছে, তারা মনে করে এটা তাদের অধিকার—তারা যা খুশি তাই করতে পারে। কেন এমপিদের জন্য গাড়ি বিদেশ থেকে আনতে হবে, কেন স্থানীয় প্রশাসন তাদের কথায় চলবে—এই প্রশ্নগুলো আমাদের তুলতেই হবে।”
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, ড. বদিউল আলম মজুমদার, রুহিন হোসেন প্রিন্স, আখতার হোসেন, এবং অধ্যাপক আব্দুল আলীমসহ বিভিন্ন রাজনৈতিক ও নীতিনির্ধারক ব্যক্তিত্ব।
