বিনিয়োগকারীরা আগামী জাতীয় নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছেন—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নয়, বিদেশি বিনিয়োগকারীদেরও একটাই কথা তারা নির্বাচনের অপেক্ষায় আছে। একেবারে পরিষ্কার ভাষায় বলেছেন তাদের সব সিদ্ধান্ত স্থগিত রেখেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত।
বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছেন নির্বাচনের জন্য।’
এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং অন্তত তিন বছর পেছানো প্রয়োজন। এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ।’ এ ছাড়া ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করা যাবে, এমন কিছু কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে এ বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। বৈঠকে দেশের ১১ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা অংশ নেন।
এর আগে, রবিবার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সিনিয়র নেতা। বৈঠকে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
