নেপালে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির ও টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার সেখানেও গণ-অভ্যুত্থানে জেগে উঠেছে ‘জেন জি’ প্রজন্ম।
উত্তাল এই আন্দোলনের চাপেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। সরকারের প্রায় সব মন্ত্রীই ইতোমধ্যে দেশ ছেড়েছেন বা আত্মগোপনে চলে গেছেন। এ অবস্থায়, নেপালের নেতৃত্ব কার হাতে যাবে—তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও রাজনৈতিক তোড়জোড়।
এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাকেই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতেই শপথ নিতে পারেন তিনি। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।
রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেপি শর্মা ওলির সরকার পতনের পর নেপালে স্থিতিশীলতা ফেরাতে জেন–জিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সেনাবাহিনী। নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে চলে আলোচনা। টাইমস অব ইন্ডিয়া জানায়, দীর্ঘ ৪ ঘণ্টা আলোচনার পর জেন-জি শিক্ষার্থীরা সুশীলার নাম প্রস্তাব করেন।
