পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে ফরেনসিক রিপোর্টে পাওয়া তথ্য। তার পরিহিত টি-শার্ট ও ট্রাউজারে রক্তের দাগ পাওয়া গেছে, যা মৃত্যুর পেছনে সম্ভাব্য সহিংসতার ইঙ্গিত দিচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, কারণ উদ্ধার হওয়া দেহটি ছিল মূলত কঙ্কালসার এবং তাতে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়নি। ফরেনসিক আলামতগুলো তার মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে।
গুরুত্বপূর্ণ অঙ্গের অনুপস্থিতি তদন্তকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে যা তার মৃত্যুর কারণ উদঘাটন কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, পাকিস্তানে জাতীয় রক্ত ও ডিএনএ ডেটাবেজ না থাকা জৈবিক নমুনা মেলানোর ক্ষেত্রে একটি বড় বাধা।
পুলিশের সূত্র অনুযায়ী, হুমাইরার একটি মোবাইল ফোন এখনো নিখোঁজ রয়েছে। তদন্তকারীদের ধারণা মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যা তার শেষ দিনগুলো এবং সম্ভাব্য কোনো হুমকির বিষয়ে আলোকপাত করতে পারে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই হুমাইরা আসগারকে তার ডিফেন্স ফেজ ভি-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। গত সাত বছর ধরে তিনি সেখানে একাই থাকতেন।
