অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেল থেকে পালাল দুই বন্দি। ভয়াবহ এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, আর সেটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে চারদিকে।
ফুটেজে দেখা যায়, এক বন্দি হঠাৎ একটি হাতুড়ি নিয়ে ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই টানা হাতুড়ির আঘাতে হতভম্ব হয়ে পড়েন ওয়ার্ডেন। প্রথমে তিনি টেবিলের নিচে আশ্রয় নেন, পরে আক্রমণকারীকে ঠেকানোর চেষ্টা করেন।
জানা গেছে, রিমান্ডে থাকা রবি কুমার ও রামু নামের দুই বন্দি এ ঘটনায় জড়িত। রবি কুমার ছিলেন পেনশন তহবিল তছরুপ মামলার আসামি, আর রামুর বিরুদ্ধে ছিল চুরির অভিযোগ। তারা দু’জনই রান্নাঘরে কাজ করার সময় ওয়ার্ডেনকে আক্রমণ করে। চাবি ছিনিয়ে নিয়ে দরজা খুলে পালিয়ে যায় তারা।
ঘটনাস্থলের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, জেলের নিরাপত্তার ঘাটতির কারণেই বন্দিরা এত সহজে পালাতে সক্ষম হয়েছে।
ইতিমধ্যেই অভিযুক্তদের ধরতে বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে বলে খবর।
