বেইজিংয়ের নেতৃত্বে নতুন বিশ্বব্যবস্থা গড়ার প্রচেষ্টার প্রেক্ষাপটে নয়াদিল্লি ও মস্কোর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ভারত ও রাশিয়া যেন চীনের দিকেই ঝুঁকে পড়েছে।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প শি আয়োজিত সম্মেলনে তোলা তিন নেতার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “মনে হচ্ছে আমরা ভারত, রাশিয়া, ও চীনের কাছে হারালাম। আশা করি তারা একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কাটাবে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। চীনের পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ও ক্রেমলিনকেও পাওয়া যায়নি।
শি চিনপিং চীনের তিয়ানজিন বন্দরনগরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে ২০টিরও বেশি অ-পাশ্চাত্য দেশের নেতাকে আমন্ত্রণ জানান। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।
সামিটে পুতিন ও মোদিকে হাত ধরে শিয়ের দিকে এগিয়ে যেতে দেখা যায় ও তিন নেতা পাশাপাশি দাঁড়ান।
বাণিজ্য বিরোধসহ নানা ইস্যুতে ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক শীতল হয়েছে।
তিনি এ সপ্তাহে পুতিনের প্রতি ‘খুব হতাশ’ মন্তব্য করলেও রাশিয়া-চীন ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্পের হতাশা বাড়ছে। তিনি বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলবেন।
সূত্র : রয়টার্স
