সরকার আগামী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৬০টি জিপ গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য কেনা হবে ১৯৫টি জিপ গাড়ি।
মন্ত্রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য একই মডেলের জিপ গাড়ি কেনা হবে। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়িগুলো কিনতে ব্যয় ধরা হয়েছে ৪৩১ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকা। প্রতিটি গাড়ির একক মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা।
আগামী সরকারের মন্ত্রী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ইউএনওদের জন্য এসব গাড়ি কেনার পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনারদের জন্য ২৫টি মাইক্রোবাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনাররা বিভিন্ন পরিদর্শন, মোবাইল কোর্ট পরিচালনা, বাজার মনিটরিং, ত্রাণ বিতরণের কাজে এ মাইক্রোবাসগুলো ব্যবহার করবেন।
প্রতিটি মাইক্রোবাসের দাম ধরা হয়েছে ৫২ লাখ টাকা। এতে ২৫টি মাইক্রোবাস কিনতে মোট ১৩ কোটি টাকা লাগবে। এ হিসাবে ২৫৫টি জিপ গাড়ি এবং ২৫টি মাইক্রোবাস কিনতে মোট খরচ হবে ৪৪৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এসব গাড়ি কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। কয়েকটি শর্তে এ অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন শাখা থেকে ১৯ আগস্ট এসব গাড়ি কেনার সম্মতি চেয়ে অর্থ বিভাগের সচিব বরাবর চিঠি পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ থেকে এসব গাড়ি কেনার অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব গাড়ি কেনা হবে। মন্ত্রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হবে ‘মিতসুবিশি পাজেরো’ (কিউএক্স-২৪২৭ সিসি)।
আগামী সরকারের মন্ত্রীদের জন্য জিপ গাড়ি কেনার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপদমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য সরকারি পরিবহন পুলে যথাযথ মানের গাড়ি বর্তমানে নেই। বর্তমানে উপদেষ্টাদের সরকারি যানবাহন অধিদপ্তর যে গাড়ি (কার) সরবরাহ করেছে, সেগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা। গাড়িগুলোর আয়ুষ্কাল ইতোমধ্যে ৯ বছরের বেশি অতিক্রান্ত হয়েছে। এ গাড়িগুলো প্রায়শই মেরামত করতে হয়, যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। বিদ্যমান গাড়িগুলো দিয়ে ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের পক্ষে তাদের নির্বাচিত এলাকা সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ অন্য জরুরি কাজ করা কষ্টসাধ্য হবে। এ পরিপ্রেক্ষিতে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে মন্ত্রীদের জন্য ৬০টি জিপ গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে।
