নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচটি দুইবার স্থগিত হওয়ার পর মুসুল ধারে বৃষ্টি নামায় অফিসিয়ালরা চূড়ান্তভাবে পরিত্যক্ত ঘোষণা দেন। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জয়ী বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনার ও অধিনায়ক লিটন দাস ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন। কিন্তু মিডল ওভারে ভালো রান পায়নি বাংলাদেশ। স্লগে আবার জাকের আলী ও নুরুল হাসান হাত খুলে খেলতে শুরু করলে বৃষ্টি নামে।
তার আগে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে ব্যাট করছে। জাকের আলী ১৩ বলে একটি করে চার ও ছক্কায় ২০ রানে খেলছিলেন। লিটন দাসের ব্যাট থেকে এসেছে ১১ বলে দুই ছক্কায় ২২ রান।
এর আগে লিটন দাস ৪৬ বলে ৭৩ রান করে আউট হয়েছেন। ছয়টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। সাইফ ৮ বলে ১২ ও হৃদয় ১৪ বলে ৯ রান করে আউট হয়েছেন। শামীম পাটোয়ারিও (১৯ বলে ২১) ইনিংস খুব একটা বড় করতে পারেননি।
সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন একাদশে নেই। খেলছেন না তাসকিন ও মুস্তাফিজ। বিশ্রাম দেওয়া হয়েছে শেখ মাহেদীকেও। তাদের জায়গায় শামীম, সোহান, রিশাদ, সাইফউদ্দি ও শরিফুল একাদশে ঢুকেছেন।
