ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বরখাস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুস।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আদেশে শুক্রবার তাকে পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। খবরটি এএফপিকেও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা।
গত জুনে ইরান-ইসরায়েল সংঘাতের শেষদিকে যুক্তরাষ্ট্র চালায় ‘অপারেশন মিড নাইট হ্যামার’। ইরানের ফার্দো, নানতাজ ও ইসফাহান শহরের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ছিল সেই অভিযানের মূল লক্ষ্য।
অভিযানের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, “ইরান কখনোই এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না।” তবে ডিআইএ-এর গোপন প্রতিবেদনে উল্লেখ ছিল—ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও দেশটি দ্রুতই পুনরুদ্ধারে সক্ষম হবে।
প্রতিবেদনের তথ্য ফাঁস হয়ে পড়ায় বিব্রত হয় প্রশাসন। ট্রাম্প ও তার মন্ত্রিপরিষদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই ফাঁসের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের হামলাকে ব্যর্থ প্রমাণ করা।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, “কিছু মহল ইচ্ছাকৃতভাবে জলঘোলা করছে। তারা বলতে চাইছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সফল হয়নি।”
সূত্র : এএফপি
