বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতিতে এ দেশের মানুষ অভ্যস্ত নয়, এতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে তা থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন।
তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।
তিনি আরও আশা প্রকাশ করেন যে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশে ফিরে তিনি সুস্থ আছেন বলেও জানান।
