বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় দুদু এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দেশে এখন জবাবদিহিমূলক সরকারের প্রয়োজন। সেই সরকারের জন্য প্রয়োজন একটি ভালো নির্বাচন। বেগম খালেদা জিয়া মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছেন, অথচ তাকে সুষ্ঠু চিকিৎসা দেওয়া হয়নি। মিথ্যা মামলায় ছয় বছর জেলে রাখা হয়েছিল।”
দুদু আরও বলেন, “বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। সেই মুক্তি স্থায়ী করতে হলে সুষ্ঠু নির্বাচন এবং জবাবদিহিমূলক সরকার দরকার। কিছু খুচরা পার্টি অবৈধভাবে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে, তারা নির্বাচন চায় না। কারণ, নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই।”
তিনি বলেন, “আগস্ট মাসে আমাদেরকে শপথ নিতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলন কখনও সমাপ্ত হবে না। কারণ জবাবদিহিমূলক সরকার মানুষের কথাকে গুরুত্ব দেয়, দেশের আইন মেনে চলে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়।”
সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, দেশ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
