বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা এ সভার আয়োজন করে।
ওয়ান ইলেভেন প্রসঙ্গ
মঈন খান অভিযোগ করে বলেন, ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ একটি মিথ্যা ইতিহাস সৃষ্টি করেছিল।
তার দাবি, ২০০৮ সালের নির্বাচনের আগেই প্রতিটি আসনে কারা নির্বাচিত হবে সেটির নকশা করে রাখা হয়েছিল। পরবর্তীতে ভোটার তালিকা প্রণয়ন করা হলেও সেটি সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত ছিল।
পরিকল্পিত ধ্বংসের অভিযোগ
তিনি বলেন, ওয়ান ইলেভেন সৃষ্টি করে পরিকল্পিতভাবে একটি সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল, যারা গত ১৫ বছর বাংলাদেশকে ধ্বংস করেছে।
তার মতে, আওয়ামী লীগ শুধু অর্থনীতি নয়, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গণতান্ত্রিক বাংলাদেশের আহ্বান
নির্বাচন প্রসঙ্গে মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে। নির্বাচন কমিশন শিগগিরই শিডিউল ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মীর সরফত আলী সপুর। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
