গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর চরিত্র নিয়ে কটুক্তির জেরে ঘটে গেছে ভয়াবহ হত্যাকাণ্ড। অলি মিয়া (৩৫) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করে লাশ ৮ টুকরো করে ফেলার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব।
রবিবার (১০ আগস্ট) দুপুরে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলেন— নরসিংদীর করিমপুরের আপেল মাহমুদ সাদেক (৪২), তার স্ত্রী শাওন বেগম (৩২), সাজ্জাদ হোসেন রনি (২৫) ও বাপ্পী হোসেন (২৮)। নিহত অলি মিয়া নরসিংদীর করিমপুরের সুরুজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, ভিকটিম অলি আসামি সাদেকের স্ত্রীর চরিত্র নিয়ে কটুক্তি ও তার ভাগ্নেকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাদেক ও রনি হত্যার পরিকল্পনা করে। ৬ আগস্ট পরিকল্পনা অনুযায়ী অলিকে সাদেকের টঙ্গীর বনমালা এলাকার বাসায় ডেকে আনা হয়। প্রথমে তাকে ট্রেনের নিচে ফেলে হত্যার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। পরে বাসায় শ্বাসরোধে হত্যা করে লাশ ৮ টুকরো করা হয়। মাথাটি টয়লেটের ফলস ছাদে লুকিয়ে রাখা হয়, বাকি অংশ দুটি ব্যাগে ভরে ৮ আগস্ট ভোরে টঙ্গী স্টেশন রোডে ফেলে দেওয়া হয়।
সেদিন সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ব্যাগ দুটি উদ্ধার করে। পৃথক অভিযানে বাপ্পীকে আটক করে তার দেওয়া তথ্যে সাদেকের বাসা থেকে মাথা ও কাপড়চোপড় উদ্ধার করা হয় বলে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন।
