সাতক্ষীরা সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রক্তাক্ত হলেন এক বাংলাদেশি নাগরিক।
সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তি শেখ আলমগীর হোসেন আলম (৩৫), যিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। তার বাড়ি লক্ষীদাঁড়ি গ্রামে। জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টিতে তার মাছের ঘের প্লাবিত হয়ে যাওয়ায় সে ভোরবেলা নেট দিয়ে ঘের বাঁধতে গিয়েছিলেন। খালের শূন্যরেখার কাছে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা হঠাৎ করেই তাকে লক্ষ্য করে ছররা গুলি ছুঁড়ে দেয়।
এতে আলমগীরের মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, সকাল ৮টা ৩৫ মিনিটে রোগীকে ভর্তি করা হয়। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে।
এ বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ জানান, “একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন—আমরা ঘটনাটি জেনেছি এবং তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং কূটনৈতিকভাবে বিষয়টি আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।
